স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে প্রবাসী আরিফ কামালীর বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এর আগে এক দফা অগ্নিসংযোগে ঘরের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় হামলা চালিয়ে অবশিষ্ট অংশও পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির জায়গা দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, লুৎফর কামালী, জানুয়ারি মিয়া, রানু কামালী, আতাউল কামালী, মঈন উদ্দীন কামালী, শাকির কামালী, তাহমিদ আহমদ, সানু মিয়া ও বুলবুল কামালীসহ অজ্ঞাতনামা আরও ৩০–৪০ জনের একটি সংঘবদ্ধ দল এই হামলার সঙ্গে জড়িত।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপির কিছু স্থানীয় প্রভাবশালী ক্যাডার এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
ভুক্তভোগী আরিফ কামালী বলেন,
“আমি প্রবাসে থাকলেও দেশ থেকে আমাকে নিয়মিত ফোন ও মেসেজে হুমকি দেওয়া হচ্ছে। আগেও আগুন দেওয়া হয়েছিল, এবার আবার হামলা করে অবশিষ্ট ঘর পুড়িয়ে দিয়েছে এবং বাড়ি দখলের চেষ্টা চলছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সাম্প্রতিক এই ঘটনার পর এলাকায় চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, দখলকৃত জায়গা উদ্ধার এবং নিজের জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply